নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার বাসিন্দা। অভিযোগে তাঁকে বাসুদেবপুরে অবস্থিত নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) কর্মচারী বলে উল্লেখ করা হয়েছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাসুদেবপুর এলাকায় একটি খাবারের হোটেলের স্বত্বাধিকারী ওই নারীকে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন জাহাঙ্গীর আলম।
অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর সকাল ১১টার দিকে ওই নারী নিজ হোটেলের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় জাহাঙ্গীর আলম পেছন থেকে এসে তাঁর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। ভুক্তভোগী নারী বাধা দিলে জাহাঙ্গীর দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান।
পরে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজনেরা ঘটনার প্রতিবাদ করেন। এ সময় জাহাঙ্গীর আলম তাঁদের গালিগালাজ করেন এবং ওই নারীকে তাঁর হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করে এবং পরে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, বাদীর কাছ থেকে এজাহার পাওয়া গেছে। এজাহারের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। মামলা রুজু হওয়ার পর আসামিকে আটক করা হয়েছে।
kalprakash.com/IM