কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাংকার বিকল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। তেহরানের অভিযোগ, ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটি মার্কিন এজেন্টদের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছিল।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজের বরাতে জানা গেছে, আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের সময় ট্যাংকার দুটি ইরানের নির্ধারিত নিরাপদ নৌপথ এড়িয়ে একটি অননুমোদিত রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় সেগুলো সামুদ্রিক মাইনের সংস্পর্শে এলে তীব্র বিস্ফোরণ ঘটে।
আইআরজিসি আরও জানায়, মাইন বিস্ফোরণের পরপরই ট্যাংকার দুটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং জাহাজ দুটি জ্বলছে। তবে ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী কিংবা জাহাজে থাকা নাবিকদের হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে আইআরজিসির পক্ষ থেকে তোলা এই দাবির সত্যতা আন্তর্জাতিক বা স্বাধীন কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
kalprakash.com/IM