বাগেরহাটের মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল ম্যাচ চলাকালে ফাউলকে কেন্দ্র করে উত্তেজনার পর সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। এতে মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) উপজেলার সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো—মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির গোলরক্ষক ফাহিম হোসেন এবং খেলোয়াড় মো. নাঈম, মো. হাসান, ফাহিম শেখ ও মো. আরাফাত সানি। ঘটনার পর তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার আওতায় সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাগতিক দল ও মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ দিকে মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় এক গোলে এগিয়ে থাকা অবস্থায় একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান অভিযোগ করেন, খেলার শেষ মুহূর্তে তাদের দলের জয় প্রায় নিশ্চিত হয়ে আসছিল। এ সময় ফাউলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হলে খেলায় অংশ না নেওয়া কয়েকজন বহিরাগত মাঠে ঢুকে খেলোয়াড়দের ওপর হামলা চালায়। ঘটনার সময় মাঠে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও শিক্ষক ও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেন।
ঘটনার পর বিষয়টি মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার (৩১ আগস্ট) বলইবুনিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি পরবর্তী জোন পর্যায়ের খেলার ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষক ও অভিভাবকদের দাবি, ক্রীড়া প্রতিযোগিতার সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ম্যাচে কার্যকর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা থাকা জরুরি। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করার আহ্বান জানান তারা।
kalprakash.com/IM