জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে আনন্দমুখর পরিবেশে শুরু হয়েছে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৬। সানন্দবাড়ী ক্রীড়া চক্রের আয়োজনে এবং ২ নম্বর চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ ও সানন্দবাড়ী বাজার ব্যবসায়ী বৃন্দের সার্বিক সহযোগিতায় সানন্দবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বকসীগঞ্জ উপজেলা এক্সপ্রেস ও রৌমারী সকার ক্লাব একাডেমী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (ময়মনসিংহ) সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. হুমায়ন কবির। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ২ নম্বর চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম জিয়া।
চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন, চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. আতিকুর রহমান ও মো. আরজান আলী, মো. সিরাজুল ইসলাম, ইউপি সদস্য মো. রফিকুল ইসলামসহ অন্যরা।
টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম পুরস্কার হিসেবে সানন্দবাড়ী বাজারের মনির গ্রুপের মো. মুনসুর আহম্মেদের সৌজন্যে দেওয়া হবে একটি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার হিসেবে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ কামাল আকন্দ (গাডু) এর সৌজন্যে দেওয়া হবে একটি গরু।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান (বিএ) এবং সদস্যসচিব মো. বাবুল আক্তার (মেম্বার) স্থানীয় সব ফুটবলপ্রেমী দর্শককে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার আহ্বান জানান।
kalprakash.com/IM