চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর জোনের আওতাধীন এলাকা থেকে উদ্ধার হওয়া ১২টি হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিএমপির বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের তত্ত্বাবধানে বন্দর ও ইপিজেড থানা এলাকায় সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় এ বিশেষ উদ্ধার অভিযান পরিচালিত হয়। এর ধারাবাহিকতায় গত এক মাসে বিভিন্ন ব্র্যান্ডের ১২টি স্মার্টফোন উদ্ধার করে পুলিশ।
আজ সোমবার (৩১ আগস্ট) যথাযথ যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া শখের ফোন ফিরে পেয়ে পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাধারণ নাগরিকরা।
মোবাইল ফোন হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিম উদ্দীন, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মো. মাজহারুল ইসলাম এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।
পুলিশ কর্মকর্তারা জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবা পৌঁছে দিতে হারানো মালামাল উদ্ধারে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
kalprakash.com/IM