বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী ও আধুনিক করার লক্ষ্যে ২৪ লাখ মার্কিন ডলার (প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই সহায়তার অংশ হিসেবে পঞ্চগড়ে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার একটি অত্যাধুনিক প্রশিক্ষণ মডেল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের হাতে এই প্রশিক্ষণ মডেলটি তুলে দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
মার্কিন সহায়তায় এ উদ্যোগটি এফএইচআই ৩৬০ (FHI 360), ঝপাইগো (Jhpiego), জেএসআই (JSI) এবং ইউনিসেফের (UNICEF) যৌথ ব্যবস্থাপনায় বাস্তবায়িত হচ্ছে। এসব চিকিৎসাসামগ্রী পর্যায়ক্রমে দেশের প্রান্তিক ও দুর্গম অঞ্চলের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হবে।
ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই এক বিবৃতিতে জানান, এই সহায়তা প্যাকেজের আওতায় রয়েছে তীব্র শীতে নবজাতকের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে বিশেষ ওয়ার্মার, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী আধুনিক সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ পুষ্টিকর খাদ্য এবং টিকার কার্যকারিতা ও গুণগত মান নিশ্চিত করতে কোল্ড চেইনের ধারণক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয় সামগ্রী।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একটি টেকসই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে সুদৃঢ় করা এবং নতুন উদ্ভাবনী প্রযুক্তির সম্প্রসারণ ঘটানোই এই মার্কিন সহায়তার মূল লক্ষ্য। প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে যুক্তরাষ্ট্র সরকারের এ সহযোগিতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, স্বাস্থ্যসেবার প্রশিক্ষণ মডেল হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত ঐতিহাসিক বাংলাবান্ধা স্থলবন্দর ও সীমান্ত জিরো পয়েন্ট পরিদর্শন করেন।
kalprakash.com/IM