ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর সময় গাঁজাবোঝাই একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এ ঘটনায় গাড়িতে থাকা মাদক কারবারিরা পালিয়ে গেলেও মাইক্রোবাসটি তল্লাশি করে ২৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৯টি বস্তায় থাকা মোট ২৫২ কেজি গাঁজা জব্দ করা হয়।
জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল সৈয়দাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় একটি সন্দেহভাজন কালো রঙের মাইক্রোবাস চেকপোস্টের সামনে এলে পুলিশ সেটিকে থামার নির্দেশ দেয়। তবে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা গাড়িটিকে ধাওয়া করলে কিছু দূর যাওয়ার পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
এ সময় তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি থেকে ৯টি বস্তায় ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। জব্দ করা গাঁজার মোট পরিমাণ ২৫২ কেজি। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস এবং উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
কসবা থানা পুলিশ জানিয়েছে, এ মাদক চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী কসবা এলাকায় মাদক চোরাচালান ও পরিবহন প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান এবং চেকপোস্টে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
kalprakash.com/IM