ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সংগঠনের ৩৫ বছরের পথচলা উদযাপন উপলক্ষে ‘৩৫’ সংখ্যা খচিত বেলুন উড্ডয়ন করা হয়। পরে ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হয়।
এ সময় সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক গাজী শাওন বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। গত ৩৫ বছর ধরে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রেখে আসছে। একটি নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সংগঠনের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শাখা সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষা করে ইতিবাচক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করছে। সংগঠনটি শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও নৈতিকতাসম্পন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং তাদের যৌক্তিক অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা সামনের সারিতে থেকে সক্রিয় নেতৃত্ব দিয়েছেন। ৩৫ বছরের পথচলায় শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কিংবা অধিকার ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে সংগঠনটি জড়িত ছিল না। বরং এই দীর্ঘ পথচলায় ক্যাম্পাসে অসংখ্য সৎ, যোগ্য, মেধাবী ও আদর্শবান নেতৃত্ব তৈরি হয়েছে।
kalprakash.com/IM