রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৮:৩৯

শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে না পারলে দ্বিতীয়বার সামনে আসব না: রাবি উপাচার্য

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:০৭
শেয়ার: mail
শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে না পারলে দ্বিতীয়বার সামনে আসব না: রাবি উপাচার্য

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে না পারলে দ্বিতীয়বার আর তাঁদের সামনে আসবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘যারা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ও সম্ভাবনা, তারা আজ আমাদের ক্যাম্পাসে এসেছে। শুরুতেই তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা এই বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা যেখানেই যাবেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ‘আপনাদের ওপর পিতা-মাতা, আত্মীয়-স্বজন, সমাজ এবং আমাদের সবার সাফল্যের গভীর প্রত্যাশা রয়েছে। সুতরাং আপনারা সবসময় সততা ও ন্যায়ের পথে পরিচালিত হবেন।’

ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিদ্যমান সংকট নিরসনের বিষয়ে উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের সমস্যার সমাধান না করে যেতে পারলে আমি দ্বিতীয়বার আপনাদের সামনে আসব না। ইনশাআল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনন্য এক উদাহরণ হতে যাচ্ছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ একটি বিদ্যাপীঠ। উচ্চশিক্ষার এই সুবিশাল জগতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাই। দুই লক্ষাধিক প্রতিযোগীর সঙ্গে মেধার লড়াই করে তোমরা এখানে পড়ার সুযোগ পেয়েছ। সামনের দিনগুলোতে নিজেদের ওপর আত্মবিশ্বাস রেখে সাফল্যের এই ধারা অব্যাহত রাখবে বলে আশা করছি।’

তিনি আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেসব সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে, সেগুলো নিরসনে আমরা ইতোমধ্যে কার্যকর পদক্ষেপের বিষয়ে ভেবেছি। আমরা চাই এখান থেকে দেশের সেরা ও যোগ্য মানুষ তৈরি হোক।’

নবীন শিক্ষার্থীদের সচেতন করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘তোমরা শুরুতেই যেকোনো ধরনের মাদককে “না” বলবে এবং অসৎ সঙ্গ পরিহার করবে। ব্যাংক অ্যাকাউন্ট বা অনলাইন ব্যাংকিং-সংক্রান্ত কোনো গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করবে না। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত কারও সঙ্গে অতি-ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।’ এ সময় শিক্ষার্থীদের খাদ্য ও আর্থিক সহযোগিতার সুযোগ তৈরির জন্য ইউজিসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, ছাত্র-উপদেষ্টা এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে না পারলে দ্বিতীয়বার সামনে আসব না: রাবি উপাচার্য

বিস্তারিত কমেন্টে