ওমানের আদ দাখিলিয়াহ গভর্নরেটের বাহলা প্রদেশের সান্ত এলাকায় নতুন একটি দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দেশটির সহকারী গ্র্যান্ড মুফতি ড. শেখ কাহলান বিন নাবহান আল খারুশির পৃষ্ঠপোষকতায় মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
উদ্বোধন উপলক্ষে নবনির্মিত মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ড. শেখ কাহলান বিন নাবহান আল খারুশি। খুতবায় তিনি মসজিদের অবকাঠামোগত উন্নয়ন ও যথাযথ রক্ষণাবেক্ষণের পাশাপাশি এর আধ্যাত্মিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মসজিদ কেবল ইবাদতের স্থান নয়; এটি শিক্ষা, নৈতিক মূল্যবোধ, সামাজিক সংহতি ও পারস্পরিক ঐক্য গড়ে তোলার অন্যতম কেন্দ্র। সমাজের মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব জোরদার এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিকাশে মসজিদের তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে।
মসজিদ উদ্বোধনের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকীর বিষয়টি উল্লেখ করেন ড. খারুশি। তিনি মহানবী (সা.)-এর জীবনাদর্শ থেকে দয়া, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেন।
সান্ত মসজিদটি সংশ্লিষ্ট এলাকা ও আশপাশের অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও স্থাপত্যিক সংযোজন হিসেবে নির্মিত হয়েছে। প্রায় ৫ হাজার ৪৯০ বর্গমিটার জায়গার ওপর নির্মিত মসজিদটির মোট নির্মাণ এলাকা প্রায় ২ হাজার ৩৫০ বর্গমিটার। মসজিদের প্রধান নামাজের হলে একসঙ্গে প্রায় ৩ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এছাড়া নারীদের জন্য রয়েছে পৃথক নামাজের সুব্যবস্থা, যেখানে প্রায় ২০০ নারী একত্রে নামাজ আদায় করতে পারবেন।
মসজিদ কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ ওমানি রিয়াল। এতে ইমামের জন্য পৃথক আবাসন এবং বিভিন্ন সেবামূলক সুবিধাও রাখা হয়েছে।
স্থাপত্যশৈলীর ক্ষেত্রে মসজিদটিতে ইসলামি নান্দনিকতা ও ওমানের ঐতিহ্যবাহী সংস্কৃতির অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে। স্থানীয় নগর কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এর নকশা প্রণয়ন করা হয়, যাতে ধর্মীয় স্থাপনায় ওমানের নিজস্ব স্থাপত্য ঐতিহ্য ও পরিচয় অক্ষুণ্ন থাকে। মসজিদটি সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা এবং মুসল্লি ও দর্শনার্থীদের সুবিধার্থে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন উৎসব ও সামাজিক সমাবেশের জন্য এটি স্থানীয় জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
সূত্র: ওমান অবজার্ভার
kalprakash.com/IM