জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় কবির স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আটচালা ঘরের সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দামুড়হুদা উপজেলা প্রশাসন, নজরুল স্মৃতি সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা কবির সাহিত্যকর্ম ও স্মৃতিচারণ করে নতুন প্রজন্মের মাঝে নিয়মিত নজরুল চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে কার্পাসডাঙ্গায় দ্রুত একটি পূর্ণাঙ্গ নজরুল ইনস্টিটিউট নির্মাণের জোর দাবি জানানো হয়।
পরে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও নজরুল গবেষক ড. মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম।
উল্লেখ্য, ১৯২৬ সালের পর দুই বার সপরিবারে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় এসেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সে সময় এখানকার ভৈরব নদের পাড়ে অবস্থানকালে তিনি ‘লিচু চোর’সহ তাঁর বিখ্যাত বেশ কিছু কবিতা ও সাহিত্যকর্ম রচনা করেন।
kalprakash.com/IM