পাবনার চাটমোহরে মেঘার বিলে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য চার লক্ষাধিক টাকা।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ফৈলজানা ইউনিয়নের মেঘার বিলে দিনব্যাপী এ অভিযান চালানো হয়। অভিযানে বিলের বিভিন্ন পয়েন্টে পেতে রাখা ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা এসব অবৈধ জাল প্রকাশ্যে বিলপাড়ে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
চাটমোহর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন বলেন, “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় মেঘার বিলে অভিযান চালিয়ে চার লক্ষাধিক টাকা মূল্যের ১০০ পিস ক্ষতিকর চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
kalprakash.com/IM