নাটোরের নাটোর-রাজশাহী মহাসড়কে ঢাকাগামী একটি বাসের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের হরিশপুর রামাইগাছি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের বনকুড়ি গ্রামের হাসান আলীর ছেলে অটোভ্যানচালক আবু সাইদ (৪৫) এবং জয়নগর পূর্বপাড়া এলাকার জমশেদের ছেলে সাব্বির (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাইদ ও সাব্বির অটোভ্যানে করে হরিশপুরের দিকে যাচ্ছিলেন। পথে হরিশপুর রামাইগাছি ব্রিজের কাছে পৌঁছালে রাজশাহী থেকে ঢাকাগামী ‘তাফসির পরিবহন’-এর একটি বাস অটোভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক ও যাত্রী ছিটকে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসচালক বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে হরিশপুর বাস টার্মিনালে রেখে পালিয়ে যান। পরে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
নিহত সাইদ মিয়ার ভগ্নিপতি জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই সাইদের সঙ্গে তাঁর কথা হয়েছিল। উপার্জনের উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই তাঁরা দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে সাইদের মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
নাটোর ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের জন্য অভিযান চলছে।
kalprakash.com/IM