শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৯:৫৭

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বর্তমান সরকার মুক্ত ও স্বাধীন সংবাদমাধ্যমের নীতিতে বিশ্বাসী উল্লেখ করে নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ভোগের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার পরিচয় দেওয়া অত্যন্ত জরুরি।

আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে জাতীয় স্মৃতিসৌধে আগমনকালে এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন আন্দালিব রহমান পার্থ।

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, দাপ্তরিক কাজ শুরুর পরই গণমাধ্যমবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মন্ত্রণালয়ের বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কাজ শুরু করা হবে।

কোনো বাড়তি চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নে নতুন মন্ত্রী বলেন, কখন কাকে কীভাবে দেশের দায়িত্বে আনতে হবে, তা প্রধানমন্ত্রী ভালো বোঝেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক ছিল। সবার সহযোগিতা নিয়ে এ খাতে ভালো কিছু উপহার দেওয়ার আশা রাখছি।

অতীতের টক শো বা রাজনৈতিক বিশ্লেষকের ভূমিকার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, হয়তো আগের মতো ঘন ঘন কথা বলার সুযোগ থাকবে না, তবে আমি মিডিয়ার সঙ্গেই থাকব। এখন দায়িত্বশীল জায়গা থেকে অন্য আঙ্গিকে কথা বলব।

রাষ্ট্র পরিচালনায় আমলাতান্ত্রিক জটিলতা ও জনবিচ্ছিন্নতা এড়ানোর বিষয়ে আন্দালিব রহমান পার্থ জোর দিয়ে বলেন, জনগণই যে ক্ষমতার চূড়ান্ত উৎস—এই মূলমন্ত্র ভুলে গেলে চলবে না। রাষ্ট্র পরিচালনায় থেকেও সাধারণ মানুষের সঙ্গে সশ্রদ্ধ ও কার্যকর সম্পর্ক বজায় রাখাই একজন রাজনীতিবিদের আসল সফলতা।

সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি পুনরায় স্পষ্ট করে তথ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে প্রতিকূল পরিবেশের মধ্যেও দেশের গণমাধ্যম যেভাবে জনগণের কণ্ঠস্বর তুলে ধরেছে, তা প্রশংসনীয়। বর্তমান সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ বা নিয়ন্ত্রণের মনোভাব থাকবে না। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী। তবে মুক্ত সাংবাদিকতা মানে দায়িত্বজ্ঞানহীনতা নয়। গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম মজবুত ভিত্তি ধরে নিয়ে জাতীয় স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে: তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ

বিস্তারিত কমেন্টে