দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তাঁদের মেয়ে নুসাইফা আক্তার (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলিম হোসেন তাঁর স্ত্রী সম্পা বেগম ও মেয়ে নুসাইফা আক্তারকে নিয়ে মোটরসাইকেলযোগে ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয় এবং সেলিম হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
kalprakash.com/IM