আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরক মামলার আসামি, কারাবরণকারী ও পলাতক ঠাকুরগাঁওয়ের আখানগর ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান রোমান বাদশাকে পরিষদে পুনর্বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ ও বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ২ নম্বর আখানগর ইউনিয়ন পরিষদসংলগ্ন প্রধান সড়কে সচেতন এলাকাবাসী ও স্থানীয় বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আন্দোলনকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে সাবেক ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রোমান বাদশা দীর্ঘ ১৭ বছর ধরে ইউনিয়নে চরম স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও নানা অনিয়ম চালিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে বিএনপি ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন এবং একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন।
তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি কারাবরণ ও দীর্ঘদিন পলাতক থাকার পর জামিনে মুক্ত হয়ে রোমান বাদশা পুনরায় ইউনিয়ন পরিষদে প্রবেশের চেষ্টা করছেন। তবে স্থানীয়দের স্পষ্ট দাবি, কোনো অবস্থাতেই তাকে আর আখানগর ইউনিয়ন পরিষদে বসতে দেওয়া হবে না। যদি তাকে জোরপূর্বক বা কোনো মাধ্যমে পরিষদে পুনর্বহাল করা হয়, তাহলে আখানগর ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বিতর্কিত এই চেয়ারম্যানের অপসারণ এবং তিনি যেন ইউনিয়ন পরিষদের কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।