কেউ খোঁজেন প্রশান্তি, কেউ বা পেতে চান বিপদ থেকে মুক্তি। ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত যে কোনো সমস্যায় পড়লে অনেকেই শরণাপন্ন হন কথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের। দেশে এমন অসংখ্য সাধুর দেখা মেলে, যাঁদের ভক্তের সংখ্যাও বিপুল। তবে এই সাধুবাবাদের অনেকের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ ওঠে নিয়মিত। সাধকের বেশে নিজেদের স্বার্থসিদ্ধি করতে গিয়ে এই ভণ্ড সাধুদের অন্যতম শিকার হন নারী ও শিশুরা। এমনই এক সাধুর কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নেটিজেনরা তাঁর নাম দিয়েছেন লিপ কিস বাবা।
রিয়্যালট্রুথডটইন নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক সাধুবাবা নিজের ও কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে আশীর্বাদ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
নেটিজেনদের একাংশের অভিযোগ, কাপড় দিয়ে মুখ আড়াল করার সুযোগে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। এ নিয়ে প্রশ্ন তুলে অনেকে জানতে চেয়েছেন, পুরুষ ভক্তদের ক্ষেত্রে একই ধরনের আচরণ কেন দেখা যায় না।
তবে সাধুর কয়েকজন অনুসারীর দাবি, এটি কোনো নির্দিষ্ট আধ্যাত্মিক ধারায় প্রচলিত গুরুমন্ত্র বা দীক্ষা গ্রহণের আচার হতে পারে।
এদিকে ভাইরাল ভিডিওতে ঠিক কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা নিশ্চিত নয়। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় তীব্র বিতর্ক চলছে।
kalprakash.com/IM