প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন। সোমবার (১৭ আগস্ট) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ বিনিময় এবং ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের অপার সম্ভাবনার কথা তুলে ধরে তিনি লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ পেশাজীবী ও কর্মী নিয়োগের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের ইউরোপীয় দেশটিতে যাতায়াত ও ভিসা প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে দ্রুত ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানান তিনি।
লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। একইসঙ্গে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো বিস্তৃত করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
kalprakash.com/IM