দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে; সংসদ ভবনে এখন চলছে ভোট গণনা। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশনকক্ষে এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদকক্ষে বিরতিহীনভাবে ৩৪৯ জন সংসদ সদস্যের ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিল।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। ক্ষমতাসীন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংসদে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে এগিয়ে থাকায় ফল নির্ধারণে বিষয়টি স্পষ্ট হলেও নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর সে বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে পরবর্তী রাষ্ট্রপতিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছিলেন। ফলে প্রায় ৩৫ বছর পর এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি ভোট দিলেন।
এর আগে গত ২৪ জুলাই অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরবর্তীতে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। গত ১৩ আগস্ট দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং ১৬ আগস্ট যাচাই-বাছাই শেষে তাঁদের দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়।
kalprakash.com/IM