পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তৃতীয়বারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ তে এ প্রতিযোগিতার আয়োজন করে ‘পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার’ নামের একটি সংগঠন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহানবী (সা.)-এর জীবনীসংক্রান্ত গ্রন্থ ‘সিরাতে খাতামুল আম্বিয়া’র ওপর ভিত্তি করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে গত ২৭ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। পরবর্তীতে অনুষ্ঠিত পরীক্ষায় ৭৫ জন শিক্ষার্থী অংশ নেন।
আয়োজকরা আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে এবং সুবিধাজনক সময়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রতিযোগিতায় প্রথম তিনজনকে নগদ ২ হাজার ৫০০ টাকা এবং ১ হাজার ৩০০ টাকা সমমূল্যের বই উপহার হিসেবে প্রদান করা হবে।
পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবারের এক দায়িত্বশীল প্রতিনিধি বলেন, বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাওয়া গেছে, যা আয়োজকদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ী। ভবিষ্যতেও ক্যাম্পাসে এ ধরনের ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
kalprakash.com/IM