সাগরে সৃষ্ট লঘুচাপ ও বিরূপ আবহাওয়ার কারণে সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সমুদ্র অত্যন্ত উত্তাল থাকায় ভোলার চরফ্যাশনসহ দক্ষিণ উপকূলীয় এলাকায় জীবন ও সম্পত্তি রক্ষায় বিশেষ সতর্কতামূলক জরুরি নোটিশ জারি করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন।
ভোলার আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরার ট্রলার ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এদিকে, কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) মো. জামিলুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সমুদ্রে ঢেউয়ের উচ্চতা আনুমানিক ১২ থেকে ১৮ ফুট পর্যন্ত ওঠানামা করছে। উত্তাল সাগরে সৃষ্ট চরম ঝুঁকি বিবেচনায় ট্রলার ও নৌযানের মালিক, জেলে, ঘাট কমিটি এবং বোট মালিক সমিতির প্রতি স্পষ্ট নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া দপ্তরের পরবর্তী সুনির্দিষ্ট ক্লিয়ারেন্স বা সংকেত না পাওয়া পর্যন্ত মাছ ধরা, বাণিজ্যিক কিংবা অন্য যেকোনো উদ্দেশ্যে সমুদ্রে গমন সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। চরম বৈরী আবহাওয়ায় উদ্ধার অভিযান পরিচালনা করা অত্যন্ত দূরহ এবং উদ্ধারকারীদের জীবনও ঝুঁকির মুখে পড়তে পারে।
কোস্ট গার্ড সূত্রে আরও জানানো হয়, সমুদ্রের এই উত্তাল ও বিরূপ পরিস্থিতি আগামী আরও ৪-৫ দিন অব্যাহত থাকতে পারে। উপকূলীয় জেলেদের দ্রুত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
(সূত্র: বাসস)
kalprakash.com/IM