‘ঐক্য, নিষ্ঠা ও সৃজনশীলতা’ রূপকল্পকে সামনে রেখে আনন্দ র্যালি, বৃক্ষরোপণ, কেক কাটা, ক্যালেন্ডার-ডায়েরি উন্মোচন এবং সেমিনারের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাকানইবিসাস) এক যুগে পদার্পণ অনুষ্ঠান।
সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোশারফ হোসেন বলেন, “সাংবাদিকরা নজরুল বিশ্ববিদ্যালয়ের অহংকার ও অ্যাম্বাসেডর, যারা সারাদেশের কাছে এ প্রতিষ্ঠানের ভাবমূর্তি তুলে ধরেন। চাটুকারিতা নয়, বরং বস্তুনিষ্ঠ সত্য ও সততার সাথে সাংবাদিকতা করা একজন সাংবাদিকের মূল দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অর্জনগুলো সংবাদকর্মীদের মাধ্যমেই মানুষের দোড়গোড়ায় পৌঁছায়।”
সাংবাদিক সমিতির সভাপতি মোছা. জান্নাতী বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সাদের সঞ্চালনায় সেমিনারে মুখ্য আলোচক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস’-এর অনলাইন ও মাল্টিমিডিয়া প্রধান এবং সার্ক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শিয়াবুর রহমান (শিহাব) এবং আল জাজিরার সাংবাদিক মওদুদ আহমেদ সুজন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান ড. জিল্লুর রহমান পলসহ বিভিন্ন ক্লাব ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।
এর আগে সকালে প্রশাসনিক ভবন চত্বরে বর্ণাঢ্য আনন্দ র্যালি, চত্বরে স্মারক বৃক্ষরোপণ এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে দিনব্যাপী এ উৎসবের সূচনা হয়। দুপুরে নতুন বর্ষের ডায়েরি ও ক্যালেন্ডার উন্মোচনের মধ্য দিয়ে উদযাপনের সমাপ্তি ঘটে।
kalprakash.com/IM