পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৮ বোতল নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ‘ইস্কাফ’ (Escaf) সিরাপসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বুধবার (৫ আগস্ট) দুপুরে পাবনা পৌর শহরের চক পৌলানপুর এলাকায় এ সফল অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ঈশ্বরদী উপজেলার চর গড়গড়ি গ্রামের তমিচ সরদারের ছেলে মো. তুষার (৩১)। তিনি দীর্ঘদিন যাবৎ পাবনা পৌর শহরের চক পৌলানপুর এলাকায় মো. মাসুম আলমের বাড়ি ভাড়া নিয়ে মাদক কেনাবেচা চালিয়ে আসছিলেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম চক পৌলানপুর এলাকার ওই ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. তুষারকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নঘরের খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা প্লাস্টিকের বস্তা থেকে কোডিন ফসফেটযুক্ত ৭৮ বোতল ‘ইস্কাফ’ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তুষার স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব নিষিদ্ধ মাদকদ্রব্য অবৈধ পথে সংগ্রহ করে পাবনা সদরসহ বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে চড়া দামে বিক্রি করে আসছিলেন।
এ বিষয়ে পাবনা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত পাবনা গড়ার লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।
kalprakash.com/IM