সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি প্রতীকী ছবি পোস্ট করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার পর প্রকাশিত এই ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ ও সমালোচনা।
শনিবার (২৭ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেন ট্রাম্প। ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তিনি দুই হাতে পুরো পৃথিবী কাঁধে তুলে ধরে আছেন। তবে ছবিটির সঙ্গে তিনি কোনো ক্যাপশন বা ব্যাখ্যা দেননি।
ছবিটির ভঙ্গিমা গ্রিক পুরাণের টাইটান অ্যাটলাসের কথা মনে করিয়ে দেয়। পুরাণ অনুযায়ী, অলিম্পিয়ান দেবতাদের কাছে পরাজিত হওয়ার পর শাস্তিস্বরূপ অ্যাটলাসকে অনন্তকাল নিজের কাঁধে পৃথিবীর ভার বহন করতে হয়। এ কারণে অনেকেই মনে করছেন, ট্রাম্প নিজেকে প্রতীকীভাবে সেই অ্যাটলাসের সঙ্গে তুলনা করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানে ড্রোন মজুদ রাখার স্থাপনায় মার্কিন বাহিনীর হামলার ঠিক একদিন পরই এই এআই-নির্মিত ছবি পোস্ট করেন ট্রাম্প।
বিশ্লেষকদের ধারণা, ছবিটির মাধ্যমে ট্রাম্প হয়তো বোঝাতে চেয়েছেন যে বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলার সবচেয়ে বড় দায়িত্ব তার কাঁধেই রয়েছে। যদিও এ বিষয়ে ট্রাম্প নিজে কোনো মন্তব্য করেননি।
এ ধরনের প্রতীকী বা এআই-নির্ভর ছবি শেয়ার করার ঘটনা ট্রাম্পের ক্ষেত্রে নতুন নয়। চলতি বছরের শুরুতেও তিনি যাজকের পোশাক পরা একটি এআই ছবি প্রকাশ করেছিলেন। সেই ছবিতে তাকে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলতে দেখা যায়।
ওই ছবিটি প্রকাশের পর সমালোচকদের পাশাপাশি তার কিছু সমর্থকও সেটিকে যিশু খ্রিস্টের প্রতীকী উপস্থাপনার সঙ্গে তুলনা করেছিলেন। পরে ট্রাম্প দাবি করেন, ছবিটির উদ্দেশ্য ছিল তাকে একজন চিকিৎসকের প্রতীক হিসেবে তুলে ধরা, যিনি মানুষের কল্যাণে কাজ করছেন।
আন্তর্জাতিক ডেস্ক 






















