নরসিংদীর মনোহরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪০০ গ্রাম দেশীয় চোলাই মদসহ আমির হোসেন রতন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার চালাকচর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আমির হোসেন রতন মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের চেঙ্গাইন গ্রামের মৃত সিরাজ উদ্দিন ও তাজমহল দম্পতির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চালাকচর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি করে আমির হোসেনের কাছ থেকে ৪০০ গ্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আল ইসলাম এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “জনস্বার্থে এবং মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
মনোহরদী উপজেলা প্রতিনিধি 























