কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া-ভাটিয়া এলাকার স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য উসমান ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (৬ জুন) সাক্ষাৎকালে তারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সাকুয়া-ভাটিয়া এলাকায় স্থাপনের দাবি জানান।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য সাকুয়া-ভাটিয়া এলাকায় ৫২ শতাংশ জমি পূর্বেই সরকারকে দান করা হয়েছে। তাদের দাবি, উক্ত স্থানটি ইউনিয়নের মধ্যবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় যাতায়াত ব্যবস্থা তুলনামূলকভাবে সহজ এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের জন্য সেবা গ্রহণ অধিক সুবিধাজনক হবে। ফলে সরকারি কার্যক্রম পরিচালনা ও জনসেবা প্রদান আরও কার্যকর হবে বলে তারা মনে করেন।
প্রতিনিধিরা আরও দাবি করেন, সাকুয়া-ভাটিয়া এলাকায় ইউনিয়নের সংখ্যাগরিষ্ঠ ভোটার ও বৃহৎ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এ কারণে জনস্বার্থ বিবেচনায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এখানেই স্থাপন করা যুক্তিসঙ্গত হবে।
এ সময় তারা অভিযোগ করেন, বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অন্যান্য সদস্যদের সঙ্গে যথাযথ আলোচনা না করে এবং প্রক্রিয়াগত অনিয়মের মাধ্যমে দেহুন্দা এলাকায় ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণের জন্য অনুমোদন গ্রহণ করেছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তারা জানান।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিনিধিদল বিষয়টি সংসদ সদস্যের কাছে উপস্থাপন করে জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান।
সংসদ সদস্য উসমান ফারুক উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে। পাশাপাশি তিনি জানান, উভয় পক্ষের মধ্যে আলোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ কার্যক্রম স্থগিত থাকবে।
এসময় এলাকাবাসীর সাথে উপস্থিত ছিলেন, করিমগঞ্জ থানা কৃষকদলের সহ-সভাপতি জিয়াউদ্দিন জিয়া।
এ ঘটনায় এলাকাবাসী সংসদ সদস্যের হস্তক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং আলোচনার মাধ্যমে জনস্বার্থসম্মত সিদ্ধান্ত প্রত্যাশা করছেন।
নিজস্ব প্রতিবেদক 





















