প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ বা অস্ত্রায়নবিরোধী তহবিল গঠনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।
ভার্জিনিয়ার পূর্ব জেলা আদালতের বিচারক লিওনি ব্রিঙ্কেমা শুক্রবার জারি করা এক আদেশে জানান, মামলার পরবর্তী শুনানি ও আইনি যুক্তি পর্যালোচনা না হওয়া পর্যন্ত ট্রাম্প প্রশাসন তহবিল গঠন বা পরিচালনার জন্য কোনো নতুন পদক্ষেপ নিতে পারবে না। আদেশটি অন্তত ১২ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ১ দশমিক ৭৭৬ বিলিয়ন ডলারের এই তহবিল গঠনের ঘোষণা দেয়। ট্রাম্পের কর নথি ফাঁস সংক্রান্ত একটি মামলার সমঝোতার অংশ হিসেবে এ তহবিল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল।
পরিকল্পনা অনুযায়ী, পাঁচ সদস্যের একটি কমিশন তহবিলটি পরিচালনা করবে এবং যেসব ব্যক্তি নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত, মামলা বা সরকারি ‘অস্ত্রায়নের’ শিকার বলে দাবি করবেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
তবে এই উদ্যোগের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানায় একদল আবেদনকারী। তাদের অভিযোগ, ট্রাম্প-ভ্যান্স প্রশাসন রাজনৈতিক প্রতিপক্ষদের লক্ষ্যবস্তু করছে এবং তহবিলটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য ব্যবহার হতে পারে।
মামলার বাদীপক্ষের আইনগত সহায়তাকারী সংগঠন ডেমোক্রেসি ফরওয়ার্ডের প্রধান স্কাই পেরিম্যান আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি স্বচ্ছতা, আইনের শাসন এবং করদাতাদের স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তহবিলটির বৈধতা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছে। বিভাগটির দাবি, ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।
তহবিলটি ঘোষণার পর থেকেই বিতর্কের জন্ম দেয়। এমনকি রিপাবলিকান পার্টির কিছু আইনপ্রণেতাও আশঙ্কা প্রকাশ করেন, ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরাও এই তহবিল থেকে সুবিধা পেতে পারেন। সমালোচকদের কেউ কেউ একে রাজনৈতিক মিত্রদের সুবিধা দেওয়ার জন্য সম্ভাব্য ‘স্লাশ ফান্ড’ বলেও আখ্যা দিয়েছেন।
বর্তমানে এই তহবিলের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিচারক ব্রিঙ্কেমা বলেন, আদালত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে যেন কোনো অর্থ বিতরণ না হয়, সে কারণেই সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
এদিকে বিচার বিভাগ এখনও তহবিল পরিচালনাকারী পাঁচ কমিশনারের নাম প্রকাশ করেনি। তবে সংস্থাটি জানিয়েছে, ঘোষণার ৬০ দিনের মধ্যে তহবিলে অর্থ স্থানান্তরের পরিকল্পনা ছিল।
সূত্র: রয়টার্স
kalprakash.com/SS
আন্তর্জাতিক ডেস্ক 























