আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নদীপথে যাত্রীচাপ সামাল দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবারের ঈদযাত্রায় অতিরিক্ত লঞ্চ সংযুক্ত করে যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল-এ এবার মোট ১৭২টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ সময়ে যেখানে ৫০ থেকে ৫৫টি লঞ্চ চলাচল করে, ঈদ মৌসুমে সেই সংখ্যা কয়েকগুণ বাড়ানো হচ্ছে।
লঞ্চ মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রী আকর্ষণে কেবিন ভাড়ায় ছাড় দেওয়া হচ্ছে। সরকারি নির্ধারিত সিঙ্গেল কেবিন ভাড়া ১ হাজার ৭১৬ টাকা হলেও তা কমিয়ে ১ হাজার ২০০ টাকায় দেওয়া হচ্ছে।
নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে পন্টুনের আশপাশে নৌকা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সদরঘাট এলাকায় নৌ পুলিশের টহল জোরদার করা হয়েছে।
নৌ পুলিশ জানিয়েছে, সদরঘাটের ১ থেকে ২৫ নম্বর পন্টুন পর্যন্ত চারটি টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। নৌকা যাতে নিরাপত্তা বলয় ভেঙে প্রবেশ করতে না পারে, সে জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এছাড়া হকারমুক্ত পরিবেশ নিশ্চিত, বিনামূল্যে কুলি সেবা এবং ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগেই যাত্রী পূর্ণ হলে লঞ্চ ছেড়ে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের মতে, অনুমতি ছাড়া কোনো লঞ্চ চলাচল করতে পারবে না এবং দুর্ঘটনামুক্ত ঈদযাত্রা নিশ্চিত করাই এবারের মূল লক্ষ্য।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 
























