প্রকাশিত:
০৭:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
128
হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বেইজিংয়ে ট্রাম্পের তিন দিনের রাষ্ট্রীয় সফরের সময় অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই ঐকমত্য হয় বলে জানিয়েছে হোয়াইট হাউস।
বৈঠকে শি জিনপিং বলেন, চীন হরমুজ প্রণালিকে সামরিকীকরণের বিরোধী এবং এই আন্তর্জাতিক জলপথে কোনো ধরনের শুল্ক আরোপের উদ্যোগকেও সমর্থন করে না। তিনি আরও জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি বাড়াতে আগ্রহী চীন।
দুই দেশের পক্ষ থেকেই বলা হয়, বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে হবে।
এর আগে সফরের আগে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, চীন তাদের প্রভাব ব্যবহার করে ইরানকে আলোচনায় ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।