শখের পোশাকে কলমের কালি পড়ে গেলে অনেকেই চিন্তায় পড়ে যান। তবে ঘরেই থাকা কিছু সাধারণ উপাদান ব্যবহার করে সহজেই এই দাগ দূর করা সম্ভব বলে জানিয়েছেন ‘গুড হাউসকিপিং ইনস্টিটিউট’-এর বিশেষজ্ঞরা।
১. রাবিং অ্যালকোহল ব্যবহার
তাজা কালির দাগ তুলতে এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি। দাগের নিচে একটি টিস্যু বা কাগজের তোয়ালে রেখে ওপর থেকে অ্যালকোহল দিন। বড় দাগ হলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আলতোভাবে চেপে কালি শুষে নিন। এরপর ঠাণ্ডা পানিতে ধুয়ে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন।
২. অ্যামোনিয়া দিয়ে পরিষ্কার
অ্যামোনিয়া কালির রঞ্জক পদার্থ ভেঙে দাগ তুলতে সাহায্য করে। ঠাণ্ডা পানিতে দাগ ধোয়ার পর গরম পানি, ব্লিচবিহীন ডিটারজেন্ট এবং কয়েক ফোঁটা অ্যামোনিয়া মিশিয়ে কাপড় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। দাগ বেশি হলে সারারাত ভিজিয়ে রাখা যেতে পারে, তারপর ধুয়ে ফেলুন।
৩. নেইল পলিশ রিমুভার (অ্যাসিটোন)
হাতের কাছে অ্যালকোহল না থাকলে এটি দ্রুত সমাধান হতে পারে। তুলায় সামান্য রিমুভার নিয়ে দাগের ওপর আলতোভাবে চাপ দিন। কাপড় বেশি ঘষবেন না বা দীর্ঘসময় ভিজিয়ে রাখবেন না, এতে দাগ ছড়িয়ে যেতে পারে। শেষে ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।
গুরুত্বপূর্ণ কিছু টিপস
- দাগ যত দ্রুত পরিষ্কার করবেন, তত সহজে উঠবে
- দাগ পুরোপুরি না ওঠা পর্যন্ত কাপড় ড্রায়ারে দেবেন না
- রাসায়নিক ব্যবহার করার আগে কাপড়ের অদৃশ্য অংশে পরীক্ষা করে নিন
- হেয়ারস্প্রে বা টুথপেস্ট কার্যকর হলেও বিশেষজ্ঞরা রাবিং অ্যালকোহল ও অ্যামোনিয়াকে বেশি নির্ভরযোগ্য মনে করেন
সঠিকভাবে পদ্ধতি অনুসরণ করলে সহজেই প্রিয় পোশাক আবার আগের মতো পরিষ্কার করা সম্ভব।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























