জামদানি শাড়ি শুধু পোশাক নয়, এটি আমাদের ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক। এর সূক্ষ্ম কারুকাজ ও নরম সুতা সঠিক যত্ন না নিলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই প্রিয় জামদানিকে বছরের পর বছর নতুনের মতো রাখতে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি।
ধোয়া ও পরিষ্কারের নিয়ম
জামদানি শাড়ি বাসায় না ধোয়াই ভালো। এর সুতায় থাকা বিশেষ মাড় পানিতে নষ্ট হয়ে যেতে পারে। তাই পরিষ্কারের জন্য সবসময় নির্ভরযোগ্য লন্ড্রিতে ‘কাটা ওয়াশ’ করানো উচিত।
শাড়িতে তেল বা খাবারের দাগ লাগলে সঙ্গে সঙ্গে পানি ব্যবহার না করে দাগের ওপর ট্যালকম পাউডার ছিটিয়ে দিন এবং পরে দ্রুত কাটা ওয়াশ করিয়ে নিন।
সংরক্ষণের সঠিক পদ্ধতি
জামদানি শাড়ি সাধারণভাবে ভাঁজ করে রাখা উচিত নয়, কারণ ভাঁজে সুতা ক্ষতিগ্রস্ত হতে পারে। বরং মোটা লাঠি বা পাইপে ধীরে ধীরে রোল করে সংরক্ষণ করাই সবচেয়ে ভালো উপায়। এতে শাড়ির সুতার গঠন ঠিক থাকে এবং টানটানভাব বজায় থাকে।
দীর্ঘস্থায়ী রাখার যত্ন
আর্দ্রতা থেকে রক্ষা করতে মাঝে মাঝে হালকা রোদে শাড়িটি শুকিয়ে নিতে হবে, তবে তীব্র রোদ এড়িয়ে চলা ভালো। বর্ষাকালে বিশেষভাবে সতর্ক থাকা জরুরি।
শাড়ি নিয়মিত ব্যবহার করাও এর সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। দীর্ঘদিন আলমারিতে না রেখে মাঝে মাঝে পরলে এটি ভালো থাকে। ব্যবহার শেষে ফ্যানের বাতাসে ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করা উচিত।
অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা
শাড়ি কেনার পর পাড়ে ফলস লাগানো এবং আঁচলে নেট ব্যবহার করলে ঘষা লেগে ক্ষতি হওয়ার ঝুঁকি কমে। এছাড়া দুই-তিন বছর পরপর প্রয়োজন হলে হালকা কাটাই করিয়ে নিলে জামদানি আরও টেকসই ও উজ্জ্বল থাকে।
সঠিক যত্ন নিলে একটি জামদানি শাড়ি দীর্ঘদিন তার সৌন্দর্য ও মান ধরে রাখতে সক্ষম হয়।
অনলাইন ডেস্ক 

























