পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরের অভ্যন্তরীণ পরিবেশ এবং সম্মুখ ভাগের প্রধান সড়ক সংলগ্ন এলাকাকে পরিচ্ছন্ন ও নান্দনিক রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের বিশেষ উদ্যোগে ও সরাসরি তত্ত্বাবধানে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদের মূল প্রশাসনিক ভবনের চারপাশ, কর্মকর্তাদের বাসভবন এলাকা এবং অফিসের সম্মুখস্থ বাগানে জমে থাকা দীর্ঘদিনের আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। একই সঙ্গে পরিষদের অভ্যন্তরীণ ড্রেনগুলো পরিষ্কারের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা হয়েছে। কেবল চত্বরের ভেতরেই নয়, পরিষদের প্রধান প্রবেশপথ এবং সীমানা প্রাচীরের বাইরের অংশকেও এই অভিযানের আওতায় আনা হয়। রাস্তার ধারের ময়লা-আবর্জনা ও ঝোপঝাড় অপসারণের ফলে পুরো এলাকায় দৃষ্টিনন্দন পরিবেশ বিরাজ করছে।
তদারকিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনা অনুযায়ী প্রতি শনিবার উপজেলার প্রতিটি দপ্তর, ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র এবং আবাসিক এলাকায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। আমাদের লক্ষ্য হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং একটি পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলা।
তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি এই লড়াইয়ে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতি শনিবার নিজ নিজ অফিস প্রাঙ্গণ, বাসভবন এবং আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানাচ্ছি। কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
ইউএনও আরও উল্লেখ করেন, সরকারি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ পান, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এ পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মতে, নিয়মিত পরিচ্ছন্নতার ফলে চত্বরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মশার উপদ্রব হ্রাস পাবে এবং একটি আদর্শ কর্মপরিবেশ বজায় থাকবে।
পিরোজপুর প্রতিনিধি 



















