নওগাঁ শহরের সিও বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (০৫ মে) বিকেল ৩ টার দিকে অভিযানে দুটি মুদি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দসহ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজনুর ইসলাম সুজন। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন।
অভিযান চলাকালে সিও বাজার এলাকার দুটি মুদি দোকান থেকে মোট ৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিক আদায় করা হয়।
জরিমানার পাশাপাশি ভবিষ্যতে পলিথিন ব্যবহার থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল ব্যাটালিয়ন আনসার, নওগাঁর একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনমুক্ত শহর গড়তে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে#
নওগাঁ প্রতিনিধি 





















