অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতিতে সব খাতে করের সুবিধা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে ব্যবসা সহজীকরণে প্রয়োজনীয় আনুষঙ্গিক সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আজ বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সরকার মুক্তবাজার অর্থনীতির নীতিতে পরিচালিত হবে এবং বেসরকারি খাতের উন্নয়নের মাধ্যমেই অর্থনীতিকে পুনরুদ্ধার করা হবে। সম্ভাবনাময় রপ্তানি খাতগুলোতে তৈরি পোশাকশিল্পের মতো সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
অর্থমন্ত্রী জানান, শুধু বড় নয়, গুণগত মানসম্পন্ন বাজেট প্রণয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। অতীতের মতো বড় বাজেটের নামে বড় প্রকল্পে অনিয়ম বা অপব্যয়ের সুযোগ রাখা হবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আগের সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধের চাপ এখনো অর্থনীতির ওপর রয়েছে।
সভায় আসন্ন বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা এবং নারীদের ক্ষেত্রে ৫ লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করে এফবিসিসিআই।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























