ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা আবারও পাচ্ছেন আজীবন সম্মাননা। এবার দেশের বাইরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ‘আনন্দ মেলা অ্যাওয়ার্ড ২০২৬’-এ তাকে এই সম্মাননা দেওয়া হবে।
আগামী ২৬ জুলাই লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত হলিউড সাইন-সংলগ্ন এলাকায় দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে গান, নাচ ও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
আয়োজক প্রতিষ্ঠান আনন্দ মেলা অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও সিইও খান মোহাম্মদ আলী জানিয়েছেন, ব্যবসা, শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের পাশাপাশি একজন কীর্তিমান শিল্পীকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এবারের সম্মাননা পাচ্ছেন বাংলাদেশের বরেণ্য অভিনেত্রী ববিতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তার হাতে এই সম্মাননা তুলে দেবেন।
এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে ববিতাকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়। সেখানে তাকে আজীবন সম্মাননা দেওয়া হয় এবং ৫ আগস্টকে ববিতা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
এবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে একই ধরনের সম্মাননা পেতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। ববিতা বলেন, যুক্তরাষ্ট্রে আনন্দ মেলার এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত গর্বের।
এবারের আয়োজনও সবার জন্য উন্মুক্ত থাকবে। গত বছর এই মঞ্চে আজীবন সম্মাননা পেয়েছিলেন গীতিকার লিটন অধিকারী রিন্টু।
বিনোদন ডেস্ক 






















