তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য এবং অত্যন্ত জরুরি। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অভিবাসন বা মাইগ্রেশন শুধু অর্থনৈতিক কিংবা পরিবেশগত বিষয় নয়, এটি একটি রাজনৈতিক বিষয় হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তবতা। পৃথিবীর বাইরে বসবাসের কোনো বিকল্প নেই, তাই এই গ্রহকে বাসযোগ্য রাখাই এখন প্রধান দায়িত্ব।
জহির উদ্দিন স্বপন বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় দেরি করার সুযোগ নেই। বিদ্যমান নীতি প্রক্রিয়ায় কিছু দুর্বলতা থাকলেও এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি জানান, বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় কাজ করছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 




















