চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মক্কায় মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) নামের এক হজযাত্রী স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুধবার (২২ এপ্রিল) ভোর ৩টার বুলেটিনে এ তথ্য জানানো হয়। তার পাসপোর্ট নম্বর এ-১৯৯৫৯২৩৮ বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন হজযাত্রী রয়েছেন।
এ পর্যন্ত ৫১টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের যাত্রা চলবে আগামী ৩১ মে পর্যন্ত, আর ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ হবে ৩০ জুন।
kalprakash.com/SS
নিজস্ব প্রতিবেদক 
























