দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী ২৩ অক্টোবরের দিকে নতুন করে লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আগামী কয়েক দিন সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ের শেষ দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর মধ্যে দক্ষিণপূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় ২৩ অক্টোবরের দিকে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রবিবার (২৫ অক্টোবর) সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
kalprakash.com/IM