বলিউডজুড়ে জনপ্রিয় অভিনেত্রীদের মা হওয়ার খবর ও গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) জানা যায়, দীপিকা পাড়ুকোন মা হতে চলেছেন। রাত পোহাতেই শুরু হয়েছে লাস্যময়ী অভিনেত্রী আলিয়া ভাটের মা হওয়ার গুঞ্জন।
রণবীর কাপুর ও আলিয়া ভাট সম্প্রতি তাদের চতুর্থ বিবাহবার্ষিকী পালন করেন অস্ট্রিয়ায়। মোমবাতির স্নিগ্ধ আলো আর মায়াবী পরিবেশে রণবীর কাপুরের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগও করে নিয়েছিলেন আলিয়া ভাট।
তবে বিদেশের সেই উদযাপন শেষে দেশে ফিরতেই ভিন্ন মেজাজে ধরা পড়েন তিনি। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন কাপুর পরিবারের পুত্রবধূ। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় জোর গুঞ্জন।
হাসপাতালের সামনে আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক। চুলে এলোমেলো ভাব থাকলেও ঠোঁটের কোণে ছিল মিষ্টি হাসি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের মনে প্রশ্ন— তবে কি দীপিকা পাড়ুকোনের পর এবার রণবীর-আলিয়ার ঘরেও আসছে নতুন অতিথি?
কাকতালীয়ভাবে একই সময়ে দীপিকার দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসায় দুই অভিনেত্রীর তুলনাও টানছেন ভক্তদের একাংশ। অনেকে আবার আলিয়া ও তার পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখনো আলিয়া বা রণবীর কেউই কোনো মন্তব্য করেননি।
বর্তমানে আলিয়া ব্যস্ত রয়েছেন সঞ্জয় লীলা বানসালীর হাই-ভোল্টেজ প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে রণবীরের পাশাপাশি দেখা যাবে ভিকি কৌশলকেও। এছাড়া আগামী ১০ জুলাই বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি ‘আলফা’।
বিনোদন ডেস্ক 




















