হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৭৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের পেস্ট উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার আরমান উদ্দিন সিদ্দিকীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৯ অক্টোবর) আরমানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিমানবন্দর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) কর্মকর্তা এসআই আবু বক্কর বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জি৯-৫১৮) ঢাকায় আসেন আরমান উদ্দিন সিদ্দিকী (৩৬)। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে তার ওপর নজরদারি করে।
পরে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় পৌঁছালে সন্দেহের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথ থেকে সাদা স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির তিনটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতরে ছিল ২৪ ক্যারেটের ১ হাজার ২৯০ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
এ ঘটনায় কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা এইচ এম মামুন কায়সার বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন।
kalprakash.com/IM