বাগেরহাটের শরণখোলা উপজেলার খুঁড়িয়াখালী গ্রামে লোকালয়ে ঢুকে পড়া একটি মায়াবী চিত্রল হরিণ উদ্ধার করে পুনরায় সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল প্রায় ৮টার দিকে হরিণটি সুন্দরবনসংলগ্ন নদী সাঁতরে গ্রামে চলে আসে এবং স্থানীয় বাসিন্দা জামাল মিয়ার বাড়িতে আশ্রয় নেয়। ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমণের ভয়ে অথবা নিজ দল থেকে বিচ্ছিন্ন হয়ে প্রাণীটি লোকালয়ে প্রবেশ করে।
ঘটনার খবর পেয়ে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে হরিণটিকে নিরাপদে উদ্ধার করেন।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, ভেজা অবস্থায় হরিণটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। পরে এলাকাবাসীর সহায়তায় প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির আনুমানিক ওজন ২৫ কেজি। সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসসংলগ্ন বনের নিরাপদ স্থানে সেটিকে অবমুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবনের অন্যান্য প্রাণীর তুলনায় হরিণ বেশ ভীতু প্রকৃতির। আকস্মিক ভয় বা আতঙ্কে তারা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে। তবে সংশ্লিষ্ট দলের দ্রুত ও প্রশিক্ষিত পদক্ষেপের কারণে হরিণটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে আবার বনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি 
























