পিরোজপুরের সেই অসহায় শিশু মেহেরাবের উন্নত চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভিতে শিশুটির অসুস্থতা ও পরিবারের করুণ অবস্থা নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।
দীর্ঘদিন ধরে অর্থের অভাবে ধুঁকতে থাকা মেহেরাবকে নিয়ে দেশ টিভিতে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি দেখার পরপরই পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দেন এবং শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ প্রদান করেন।
বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ কার্যালয়ে মেহেরাবের পরিবারের সদস্যদের হাতে চিকিৎসার জন্য প্রাথমিক আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সহায়তা প্রদানকালে জেলা পরিষদের প্রশাসক বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। দেশ টিভির সংবাদের মাধ্যমেই আমরা মেহেরাবের কষ্টের কথা জানতে পেরেছি। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা তার পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতে তার চিকিৎসার জন্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে মেহেরাবের পরিবার ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন। মেহেরাবের বাবা বলেন, ছেলের চিকিৎসা করাতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়েছিলাম। আজ দেশ টিভি এবং জেলা পরিষদ প্রশাসকের এই উদ্যোগ আমাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে।
পিরোজপুরের সাধারণ মানুষ প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এভাবেই মেহেরাব সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন।
পিরোজপুর প্রতিনিধি 


















