রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার পাশাপাশি দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। অথচ বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানো সম্পূর্ণ অযৌক্তিক।
রোববার (২৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প-কারখানা ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার মুখে পড়ছে।
সাক্ষাৎকালে দেশের সশস্ত্র বাহিনীসহ সামগ্রিক ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, রোহিঙ্গা সংকট এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আদর্শ পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ করতে পেরেছে। তাঁর মতে, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ অত্যন্ত বাস্তববাদী।
সাক্ষাৎকালে ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।