দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে মানুষের মধ্যে কোনো শঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য সহিংসতা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে কোনো শঙ্কা নেই।
ঢাকা শহরে নিরাপত্তা জোরদারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা বাড়ানোর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। এ ধরনের যেকোনো পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে।
এদিকে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ফজরের নামাজের পর সেখানে একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। দুই পক্ষের মধ্যে আন্তঃকলহ, দ্বন্দ্ব কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি।