গণতন্ত্র হত্যাকারী ও হত্যার রাজনীতিতে জড়িত পরাজিত শক্তি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও নৃশংস কর্মকাণ্ড থেকে সরে আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা ও রক্তপাতের মাধ্যমে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীল হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
দেশকে অস্থিতিশীল করার নানা অপতৎপরতা চলছে দাবি করে রিজভী বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমেও দেশের অস্থিতিশীল পরিস্থিতির পেছনে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধনের বিষয়টি উঠে আসছে।
তিনি বলেন, দেশের গণমাধ্যমে আগুন ও সহিংসতার ঘটনাগুলো গুরুত্ব দিয়ে প্রকাশ করা হলেও গণতন্ত্র, মানবাধিকার ও শান্তিপূর্ণ উপায়ে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকার যে সহনশীলতা দেখাচ্ছে, তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। প্রশাসন ও গণমাধ্যমে থাকা কিছু ব্যক্তি সরকারের ভালো কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে বলে প্রচারকে বিভ্রান্তিকর আখ্যা দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, এ ধরনের তথ্যের উৎস ও সত্যতা যাচাই করা প্রয়োজন। সরকার দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছে এবং তাঁদের ন্যায্য পাওনা ও নিম্নতম মজুরির বিষয়ে কথা বলেছে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য অন্য দেশে চলে যাচ্ছে—এ ধরনের প্রচারণা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার।
এ সময় বিএনপির মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচি নিয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসব কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রিজভী বলেন, ১ ডিসেম্বর বেলা ২টায় সমাবেশ শুরু হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। মাগরিবের আগেই সমাবেশ শেষ করা হবে। এটি মহাসমাবেশ নয়, বরং বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশ।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে হাজার বছরের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। এই মহিমান্বিত বিজয় আজও জাতিকে গর্বিত করে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত হতে উদ্বুদ্ধ করে।
তিনি আরও বলেন, বিজয় দিবস আগামী দিনগুলোতেও জাতিকে অনুপ্রাণিত করবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।