“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ” ও “সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন খান (এমপি), মাননীয় সংসদ সদস্য, ১২৪ বরিশাল-৬ (বাকেরগঞ্জ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. তারিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলাউদ্দীন মাসুদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ভৌমিক, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির জোমাদ্দার ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারিরা।
এর আগে সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল হোসেন খান (এমপি) বলেন, খামারিদের যেকোনো সমস্যায় পাশে থাকা হবে। খামার ব্যবস্থাপনায় ত্রুটি থাকলে সঠিক পরামর্শ দেওয়া, যুব উন্নয়নের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং স্বল্প সুদে ঋণ পাওয়ার জন্য সহায়তার আশ্বাস দেন তিনি। এক্ষেত্রে প্রতিটি দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।
আয়োজনে ছিল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, বাকেরগঞ্জ, বরিশাল।