মালয়েশিয়া থেকে ৬ হাজার ৮০০ জনের বেশি মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ফেরত পাঠানোর তালিকায় উল্লেখযোগ্যসংখ্যক রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। আগামী ৬ ও ৭ ডিসেম্বর নৌযানে এবং পুরো ডিসেম্বর মাসজুড়ে উড়োজাহাজে তাদের মিয়ানমারে পাঠানো হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম জানান, তিনটি নৌযানে করে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে উড়োজাহাজে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই প্রত্যাবাসনের ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।
এর আগে গত সপ্তাহে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ রায় আসে। আদালত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দিয়েছেন।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বীকার করেন, দেশটিতে আশ্রয় নেওয়া অনেক মিয়ানমারের নাগরিক নিজ দেশের সরকারের নিপীড়নের শিকার। তবে বিপুলসংখ্যক শরণার্থীকে আশ্রয় দেওয়ার কারণে মালয়েশিয়া আর্থিক ও নিরাপত্তাগত চ্যালেঞ্জের মুখে পড়েছে। তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের উদ্যোগও সফল হয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরেও প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছিল মালয়েশিয়া। তবে ওই প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানবাধিকার সংগঠনগুলো। সম্প্রতি ফেরত পাঠানো কয়েক শ মানুষকে মিয়ানমারের সামরিক বাহিনী আটক রেখেছে বলে খবর প্রকাশিত হলে এ বিষয়ে ব্যাখ্যা চায় কুয়ালালামপুর।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের প্রায় ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে জাতিগত নিপীড়নের শিকার এই জনগোষ্ঠী বিশ্বের অন্যতম নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে পরিচিত।