তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তি ‘মক্কা চুক্তি’তে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে ইন্দোনেশিয়া। তুর্কি কর্মকর্তাদের বক্তব্য এবং মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো আগ্রহের কথা নিশ্চিত করা হয়নি।
অন্যদিকে, তুরস্কের নেতারা জানিয়েছেন, আপাতত নতুন সদস্য অন্তর্ভুক্তির চেয়ে বিদ্যমান চুক্তিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে ইন্দোনেশিয়ার সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
ইন্দোনেশিয়ার এমন আগ্রহের পেছনে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করার কৌশলগত লক্ষ্য কাজ করতে পারে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সামরিক আধুনিকায়ন এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
এ ক্ষেত্রে তুরস্ক ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠেছে। ২০২৫ সালে তুরস্কের কাছ থেকে ৪৮টি কান (KAAN) যুদ্ধবিমান কেনার চুক্তি করে ইন্দোনেশিয়া। এতে প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান ও কাতার ‘বদর প্রকল্প’ নিয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর লক্ষ্য প্রতিরক্ষা গবেষণা, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনে সহযোগিতা জোরদার করা।
২০২৬ সালের ৭ আগস্ট প্রতিষ্ঠিত মক্কা চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, এই চুক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়।
বিশ্লেষকদের মতে, মক্কা চুক্তিতে যুক্ত হলে ইন্দোনেশিয়ার সঙ্গে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের নিরাপত্তা সহযোগিতা আরও গভীর হতে পারে। পাশাপাশি নিয়মিত নিরাপত্তা সংলাপ, রাজনৈতিক যোগাযোগ এবং প্রভাবশালী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ পাবে জাকার্তা।
ভৌগোলিক দূরত্ব থাকলেও চুক্তিটিতে ইন্দোনেশিয়ার সম্ভাব্য আগ্রহকে একেবারে অযৌক্তিক মনে করছেন না বিশ্লেষকরা। প্রতিষ্ঠাতা দেশগুলোর মতো একই ধরনের নিরাপত্তা হুমকির মুখে না থাকলেও অভিন্ন স্বার্থ, কৌশলগত সহযোগিতা এবং নিজ অঞ্চলের বাইরেও আন্তর্জাতিক প্রভাব বাড়ানোর আকাঙ্ক্ষা থেকে দেশটি এমন উদ্যোগে আগ্রহী হতে পারে।
বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইন্দোনেশিয়ার জনসংখ্যা, অর্থনৈতিক সক্ষমতা ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে। দেশটি দীর্ঘদিন ধরে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাও জাকার্তার কূটনৈতিক লক্ষ্যগুলোর একটি।
তবে মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নও রয়েছে। কোনো সদস্য দেশ নিজ অঞ্চলের বাইরে সংঘাতে জড়িয়ে পড়লে ইন্দোনেশিয়াকে কি তার প্রতিরক্ষায় অংশ নিতে হবে? একইভাবে অন্য সদস্যদের নেওয়া সিদ্ধান্ত কীভাবে সংকটের সময় জাকার্তার সামরিক ও রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করবে, তা নিয়েও রয়েছে প্রশ্ন।
কারণ, একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার অর্থ শুধু রাজনৈতিক ও কৌশলগত ঐক্য নয়, এর সঙ্গে সামরিক দায়বদ্ধতার বিষয়টিও জড়িত। ফলে সম্ভাব্য সদস্যপদ গ্রহণের আগে এসব বিষয় বিবেচনা করতে হবে ইন্দোনেশিয়াকে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি ‘স্বাধীন ও সক্রিয়’ নীতি। এর মূল লক্ষ্য হলো স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ এবং কোনো বৃহৎ শক্তির সামরিক বলয়ে জড়িয়ে না পড়া। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোও বিভিন্ন সময়ে এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তার বক্তব্য অনুযায়ী, ইন্দোনেশিয়া কোনো সামরিক জোটের সঙ্গে সম্পৃক্ত নয়; বরং বিশ্বের সব প্রধান শক্তির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।
বিশ্লেষকদের মতে, ‘বদর প্রকল্পের’ মতো প্রতিরক্ষা সহযোগিতা এই নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়। বরং বিভিন্ন দেশের সঙ্গে একাধিক কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে ইন্দোনেশিয়া ‘মাল্টি-অ্যালাইনমেন্ট’ বা বহুমুখী অংশীদারত্বের পথে এগোচ্ছে। এতে জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও নিজস্ব কৌশলগত স্বার্থ বজায় রেখেই আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।