রংপুরের মিঠাপুকুরে কৃষকদের নিয়ে কৃষি উন্নয়ন ও কৃষক সমাবেশ, ও কৃষকদের সমস্যা ও সম্ভাবনা বিভিন্ন বিষয় নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইশরাত জাহান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. লোকমান হেকিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার আমির মাওলানা এনামুল হক এবং মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ।
এ সময় মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
সমাবেশে উপজেলা কৃষি কর্মকর্তা মো. লোকমান হেকিম কৃষকদের আধুনিক ও নতুন নতুন ফল-ফসল চাষে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, কৃষকদের নতুন জাতের ফসল চাষে আগ্রহী হতে হবে। পাশাপাশি চলমান সার সংকট নিয়ে কৃষকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বস্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, আমার চাকরিসূত্রে বিভিন্ন উপজেলায় দায়িত্ব পালনের সুযোগ হয়েছিলো, তবে মিঠাপুকুরের মতো এত উর্বর উপজেলা খুব বেশি দেখেননি। মহান আল্লাহর রহমতে এ অঞ্চলের মাটিতে যে বীজ রোপণ করা হয়, তা-ই ভালো ফলন দেয়।
তিনি আরও বলেন, মিঠাপুকুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম ইতোমধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়ে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছে। উপজেলার খোড়াগাছ ইউনিয়নকে হাড়িভাঙ্গা আমের উৎপত্তিস্থল উল্লেখ করে সেখানে আম সংরক্ষণের জন্য একটি আধুনিক স্টোরেজ স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও কৃষি খাতের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। কৃষকদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
সমাবেশে কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন ফসলের চাষাবাদে আগ্রহ সৃষ্টি এবং কৃষির সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়গুলো গুরুত্ব পায়। কৃষক ও কৃষির উন্নয়নে প্রশাসন এবং কৃষি বিভাগের সমন্বিত উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অংশগ্রহণকারীরা।