দেশের আবাসন (রিয়েল এস্টেট) খাতের চলমান স্থবিরতা কাটাতে এবং এ খাতের ওপর নির্ভরশীল মানুষের জীবিকা সুরক্ষায় সরকারের কাছে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শাহাদাত হোসেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ খাতের গুরুত্ব, বর্তমান সংকট ও উত্তরণের পথ তুলে ধরেন।
তিনি বলেন, এই খাতকে বাঁচাতে হলে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।
জেমস গ্রুপের এমডি মোহাম্মদ শাহাদাত হোসেনের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—
বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টর: ৪০ লাখ মানুষের জীবিকা, অর্থনীতির চালিকাশক্তি—বাঁচাতে হলে এখনই ভাবতে হবে।
আমি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে গত ১৯ বছর ধরে এই খাতে কাজ করে যাচ্ছি। জেমস গ্রুপের এমডি হিসেবে মাঠপর্যায়ে থেকে এ খাতের বাস্তব চিত্র দেখেছি। অনেকেই মনে করেন, রিয়েল এস্টেট মানে শুধু ইট-বালু-সিমেন্টের ব্যবসা। কিন্তু এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ।
এই খাত কেন এত গুরুত্বপূর্ণ?
১. ৪০ লাখ মানুষের সরাসরি জীবিকা: একজন ডেভেলপার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট থেকে শুরু করে রাজমিস্ত্রি, রডমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, টাইলস মিস্ত্রি ও ট্রাকচালক—প্রায় ৪০ লাখ পরিবার সরাসরি এ খাতের ওপর নির্ভরশীল। এর পাশাপাশি পরোক্ষভাবে জড়িত আরও ১ কোটি মানুষ।
২. জিডিপিতে বিশাল অবদান: দেশের জিডিপিতে রিয়েল এস্টেট ও এর সঙ্গে সংশ্লিষ্ট শিল্পের অবদান ১৫ শতাংশের বেশি। রড, সিমেন্ট, ইট, টাইলস, স্যানিটারি পণ্য, ইলেকট্রিক সরঞ্জাম ও লিফটসহ ২৬০টির বেশি সংযুক্ত শিল্প এ খাতের ওপর নির্ভরশীল।
৩. সরকারের রাজস্ব আয়ের বড় উৎস: জমি নিবন্ধন ফি, ভ্যাট, কর, গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ ফি ও হোল্ডিং ট্যাক্স থেকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা রাজস্ব আসে এ খাত থেকে। খাতটি ভালো থাকলে সরকারের রাজস্ব বাড়ে, আর সংকটে পড়লে এর প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে।
তাহলে সমস্যা কোথায়?
বর্তমানে সৎ ব্যবসায়ীদের টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। এর পেছনে কয়েকটি কারণ তুলে ধরেন—
-
জমির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।
-
নির্মাণসামগ্রীর দামে অস্থিরতা।
-
ব্যাংকঋণের উচ্চ সুদহার (১২-১৪ শতাংশ)।
-
ড্যাপ ও রাজউকের অনুমোদন পেতে দীর্ঘসূত্রতা।
-
কালোটাকা বিনিয়োগের সুযোগ বন্ধ হওয়ায় প্রকৃত ক্রেতার সংকট।
ব্যবসায়ীদের করণীয়
1. ক্রেতার আস্থা ধরে রাখতে সময়মতো ফ্ল্যাট হস্তান্তর এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে।
2. নির্মাণের গুণগত মানের সঙ্গে আপস করা যাবে না। সস্তা উপকরণ দিয়ে ভবন নির্মাণ না করে নিরাপদ ভবন নিশ্চিত করতে হবে।
3. জমির কাগজপত্র ও রাজউকের অনুমোদিত নকশাসহ প্রয়োজনীয় তথ্য ক্রেতাদের কাছে স্বচ্ছভাবে তুলে ধরতে হবে।
4. রিহ্যাবের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে নীতিনির্ধারকদের কাছে খাতের সমস্যাগুলো তুলে ধরতে হবে।
সরকারের কাছে পাঁচ প্রস্তাব
১. গৃহঋণের সুদ ৭-৮ শতাংশে নামিয়ে আনা: মধ্যবিত্ত শ্রেণির মানুষ একটি ফ্ল্যাট কিনতে চান, কিন্তু ১৪ শতাংশ সুদে তা সম্ভব হচ্ছে না। সুদের হার কমানো হলে হাজার হাজার ফ্ল্যাট বিক্রি হবে এবং সরকারের রাজস্বও বাড়বে বলে মনে করেন তিনি।
২. নিবন্ধন খরচ যৌক্তিক করা: বর্তমানে ১০-১২ শতাংশ নিবন্ধন খরচের কারণে অনেকে দলিলে সম্পত্তির প্রকৃত মূল্য কম দেখান। এ খরচ ৫-৬ শতাংশে নামিয়ে আনলে সরকারের রাজস্ব কমার পরিবর্তে বাড়তে পারে বলে তার মত।
৩. ওয়ান স্টপ সার্ভিস চালু: রাজউক, ওয়াসা, তিতাস ও ডেসকোর মতো প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অনুমোদন এক ছাদের নিচে দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৪. নির্মাণসামগ্রীর দাম নিয়ন্ত্রণ: সিন্ডিকেট ভেঙে রড ও সিমেন্টের দাম স্থিতিশীল রাখতে হবে।
৫. দীর্ঘমেয়াদি নীতি প্রণয়ন: প্রতিবছর ড্যাপ পরিবর্তন না করে ২০ বছরের জন্য একটি স্থিতিশীল নীতি প্রণয়ন করতে হবে।
পোস্টের শেষাংশে মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এ খাত বাঁচলে ৪০ লাখ পরিবার বাঁচবে, সরকারের রাজস্ব বাড়বে এবং মধ্যবিত্তের স্বপ্নের ঠিকানা তৈরি হবে।
তিনি ব্যবসায়ী ও সরকারকে একসঙ্গে বসে এ খাতের সংকট সমাধানের আহ্বান জানিয়ে বলেন, সমালোচনা নয়, সমাধান চাই।
দ্রষ্টব্য: প্রতিবেদনে উল্লেখিত কর্মসংস্থান, জিডিপিতে অবদান ও অন্যান্য পরিসংখ্যান এবং প্রস্তাবগুলো মোহাম্মদ শাহাদাত হোসেনের ফেসবুক পোস্টে দেওয়া বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে।